নিউজ প্রবাসী ডেক্স :

দেশজুড়ে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে সাতটি জেলার দেড় লাখেরও বেশি পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ৩১ জন মারা গেছেন, যার মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
দুর্গত মানুষের জন্য সাত জেলায় মোট ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪১৫টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১৬ হাজার ৮২১ জন।
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সরকারিভাবে এ পর্যন্ত ৮ হাজার ৯৫০ টন চাল এবং ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবারসহ অন্যান্য জরুরি সহায়তা বিতরণ চলছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাঙামাটি ও বান্দরবানের জন্য অতিরিক্ত ২০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts