নিউজ প্রবাসী ডেক্স:
বগুড়ায় কারাবন্দি অবস্থায় সোহরাব হোসেন (৪৫) নামে যুবলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে কারাগারে অসুস্থ থাকাকালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।
সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের রহম আলী হাজীর ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোহরাবের মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সোহরাবের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। পরে দ্রুত তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারে হামলা ও ভাঙচুরের মামলায় গত ২ আগস্ট সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।
এদিকে সোহরাবের স্ত্রী রনি খাতুন অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিন্তু তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে দাবি করেন তিনি।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।