নিউজ প্রবাসী ডেক্স:

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়ায় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলে পর্যটকদের ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়।

তবে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। এ ঘোষণার পরিপ্রেক্ষিতেই নতুন করে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বুধবার দুপুরে সংগঠন দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষর করেন।

বারবার অবরোধের কর্মসূচি ঘোষণার কারণে সাজেকে পর্যটন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts