নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আগে রিধি একজনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ কারণে মৃত্যুর পেছনে অন্য কারও প্ররোচনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি।