
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের সাত তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে ওই যুবককে স্বেচ্ছায় লাফ দিতে দেখা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ভেঙে যাওয়ায় সিম উদ্ধার করে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের কার্যক্রমও চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি শপিং মলের লেভেল-৭ থেকে নিচে পড়ে গেলে বিকট শব্দ হয়। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সময় যুবকটির পাশে একটি নারীদের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।