নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ নীতির আওতায় ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১ ও বি-২) আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে।
শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। নোটিস অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা রাখতে পারবেন। নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
ভিসা বন্ড কর্মসূচিটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ২০২৫ সালে। পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থ মন্ত্রণালয় কর্মসূচিটি স্থায়ী করার সিদ্ধান্ত নেয়।
আগের পরীক্ষামূলক ব্যবস্থায় ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলারের বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে ৫ হাজার ডলারের স্তর বাতিল করে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার। এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, জর্জিয়া, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।
মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এ নীতির কারণে বৈধ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণও নিরুৎসাহিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts