
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সন্দেহে আটক এক যুবককে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাকলিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।
পুলিশ জানায়, সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্ত সন্দেহে একজনকে আটক করা হয়। তবে স্থানীয়রা আইন নিজের হাতে তুলে নিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কঠোর নিরাপত্তা ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে রাত ১১টার দিকে সন্দেহভাজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে নির্যাতিত শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং শিশুটির পরিবারের পাশে থাকার কথা জানান।