
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর যানজট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। একই সঙ্গে মহাখালী বাস টার্মিনালকে ঘিরে নতুন পরিকল্পনায় ভাবছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বর্তমান টার্মিনাল ভবন ভেঙে বহুতল অবকাঠামো নির্মাণ অথবা পুরো টার্মিনাল স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত এআই ক্যামেরার মতো মহাখালী এলাকাতেও উন্নত প্রযুক্তির ক্যামেরা বসানো হবে। এসব ক্যামেরা সড়ক আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং ও যানজটের কারণ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান বলেন, মহাখালী বাস টার্মিনাল এখন রাজধানীর অন্যতম জটিল যানজটের কেন্দ্র। টার্মিনালের সামনে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকা, যাত্রী ওঠানামা এবং তেলের পাম্পে লাইনের কারণে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হচ্ছে। এআই প্রযুক্তির মাধ্যমে এসব অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে মহাখালী টার্মিনালের ধারণক্ষমতা প্রায় সাড়ে তিনশ বাস হলেও চলাচল করছে ১২০০-এর বেশি বাস। এ কারণে সড়কের দুই পাশ দখল করে বাস রাখার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ডিএনসিসির পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালের বিদ্যমান অবকাঠামো ভেঙে বহুতল ভবন নির্মাণের চিন্তা রয়েছে। পাশাপাশি পূর্বাচল ও দিয়াবাড়ী-ভাটুলিয়া এলাকায় নতুন টার্মিনাল স্থানান্তরের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।