★বিনোদন ডেস্ক ॥
পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। ‘মন্দাকিনী’ চরিত্রে তার নতুন এই উপস্থিতি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজামৌলি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রিয়াঙ্কার দুটি ভিন্ন লুকের ছবি প্রকাশ করেন। একটিতে তার মুখে কোমল হাসি, অন্যটিতে দৃঢ় ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “হাসলে সে লাবণ্যময়ী, না হাসলে সে আগুন।”
টাইম-ট্রাভেল ও সায়েন্স ফিকশন ঘরানার এই চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিজয়েন্দ্র প্রসাদ। ভারতীয় পুরাণ, ইতিহাস ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেগা বাজেটের সিনেমা।
২০২৫ সালের এপ্রিলে কেনিয়া ও অন্ধ্রপ্রদেশের বোরা গুহায় শুরু হয় ছবির শুটিং। পরে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম CCXP-এ সিনেমাটির বিশেষ ফুটেজ প্রদর্শনের মাধ্যমে এর প্রচারণা শুরু হয়।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর দীর্ঘ বিরতি শেষে এই ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে।