নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সমর্থনে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনকারীদের দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং দেশের পরীক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে।
দিল্লি হাই কোর্ট এর আগে ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেয়। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আগামী ২০ জুলাই ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সিজেপি। ওই দিন থেকেই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, গত বছর লাদাখের আন্দোলন ঘিরে দায়ের করা একটি মামলায় কয়েক মাস কারাভোগের পর চলতি বছরের মার্চে মুক্তি পান সোনম ওয়াংচুক। তিনি সরকারের আনা অভিযোগ অস্বীকার করে আন্দোলনকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
অনশন শুরুর পর ওয়াংচুক জানিয়েছিলেন, দাবি পূরণ না হলে তিনি ছয় সপ্তাহ পর্যন্ত অনশন চালিয়ে যেতে প্রস্তুত। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের উদ্বেগ বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।