নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ টেলিভিশনের সাড়ে পাঁচ দশকের পুরনো লাল-সবুজের ঐতিহাসিক লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নতুন লোগোর নকশা আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে বিটিভি। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নকশা ও ধারণা জমা দেওয়া যাবে।
তবে বিটিভি কর্তৃপক্ষ বলছে, লোগো পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জি দর্শকদের সঙ্গে সংযোগ বাড়ানো এবং দর্শকদের মতামত জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে সাবেক কর্মকর্তা ও সংস্কৃতি অঙ্গনের কয়েকজন ব্যক্তি ঐতিহ্যবাহী লোগো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, শুধু লোগো পরিবর্তন নয়, বরং অনুষ্ঠান ও কনটেন্টের মানোন্নয়নেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, কোনো পরিবর্তন করা হলে সংশ্লিষ্ট গুণী শিল্পীদের অবদান ও দর্শকদের আবেগকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।