নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সম্প্রতি গঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে নির্ধারিত নতুন নামগুলো রোববার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
জেলা প্রশাসক জানান, প্রশাসনের সমন্বয় সভায় নতুন নাম অনুমোদিত হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নাম কার্যকর হবে।
গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি ইউনিয়ন গঠন করা হলে তাদের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কারণ, ‘মীরবাড়ি’ নামটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম এবং ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিলে যায়।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জাতীয় সংসদেও এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপর নাম পরিবর্তনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন এবং ২৩ ও ২৫ জুন দুই দফা গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন তিনটি নাম চূড়ান্ত করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে নাম পরিবর্তনের প্রক্রিয়া।