যশোর প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধকালীন যশোর অঞ্চলের বিএলএফের প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণে যশোরে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক শোকসভা কমিটি, যশোরের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন জেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটি, যশোরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদস্য সচিব হারুন অর রশিদ, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু এবং বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। এছাড়া কুষ্টিয়া, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় যশোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মরহুম আলী হোসেন মনির বর্ণাঢ্য কর্মজীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, আলী হোসেন মনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও সম্মুখসারির যোদ্ধা। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

শোকসভার শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts