নিউজ প্রবাসী ডেক্স:
এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক আর নেই। সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তিনি মারা যান। পরে বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৩৪ সালে জন্ম নেওয়া গাজিউল হক দেশের নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক কোম্পানির মধ্যে অংশীদারত্ব তৈরিতেও তিনি সক্রিয় ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন তিনি। বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৭৬ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হন। সে সময় প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচালিত হতো।
১৯৮০ সালে চাকরি ছেড়ে উদ্যোক্তা হিসেবে ব্যবসায় যুক্ত হন গাজিউল হক। চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান অ্যাকোয়ামেরিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেওয়ার পর এক দশক পরে অংশীদারের সঙ্গে মিলে ডেনমার্কভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান মার্স্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্স্ক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন।
নৌপরিবহনের পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্বসহ বিভিন্ন ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল। ১৯৯৩ সালে তিনি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং দীর্ঘদিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০-২০০৬ এবং ২০১৩-২০১৮ মেয়াদে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। গাজিউল হকের নামের আদ্যক্ষর থেকেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশভিত্তিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে রূপ নেয়। বর্তমানে ২৬টি দেশে লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন ও বিমাসহ বিভিন্ন খাতে গ্রুপটির কার্যক্রম রয়েছে।