
নিউজ প্রবাসী ডেক্স :
ব্যাংক খাতের চলমান অস্থিরতা কাটাতে আমানতকারীদের আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও চেয়ারম্যান নিয়োগ বিতর্কের বিষয়ে সরাসরি কথা এড়িয়ে গেলেও তিনি জানান, ব্যাংকগুলোর তারল্য সংকট কমাতে সরকার ‘রিক্যাপিটালাইজেশন’ প্রক্রিয়ায় কাজ করছে।
মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে বাজেট বিষয়ক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “যখন আমানতকারীরা আবার আস্থা পাবে, টাকা জমা দেবে এবং ব্যাংকগুলো স্বাভাবিকভাবে ঋণ বিতরণ করতে পারবে, তখনই অস্থিরতা কমতে শুরু করবে।”
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমের নিয়োগের পর থেকেই ব্যাংকটির সামনে বিক্ষোভ ও উত্তেজনা চলছে। সোমবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও জলকামান ব্যবহারের ঘটনাও ঘটে।
অর্থমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী পরিস্থিতির মধ্যে অল্প সময়ে বাজেট প্রস্তুত করা সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে অর্থনীতিকে স্থিতিশীল করতে বড় বাজেট এবং দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে সরকার।
তিনি জানান, প্রতিটি মন্ত্রণালয় ও প্রকল্পের অগ্রগতি নজরদারিতে ‘ড্যাশবোর্ড’ চালু করা হবে, যাতে প্রকল্প বাস্তবায়নে গতি ও জবাবদিহি নিশ্চিত করা যায়।