নিউজ প্রবাসী ডেক্স :

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে রাজধানীর ধানমন্ডিতে স্লোগান ও মিছিলের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন লিটন মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।
সোমবার সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহবাহী গাড়ি ঘিরে ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথমে সাতজনকে আটকের কথা জানায় পুলিশ।
পরে ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের প্রায় ২০০ নেতাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান তাদের আদালতে হাজির করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই মিঠুন সিংহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts