নিউজ প্রবাসী ডেক্স :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে কি না—এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, তিনি বাংলাদেশি এবং তাঁর বাংলাদেশিত্ব নিয়ে প্রশ্ন তোলার কারণ নেই।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক সাংবাদিক তাঁর কথিত ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে জানতে চান। জবাবে হুমায়ুন কবির বলেন, “আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশি মিনিস্টার হিসেবে আছি। আমি মনে করি না আমার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে।”
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কোন নিউজপেপার? কার এত জ্বালা?”
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধক ‘কোম্পানিজ হাউজ’-এর তথ্য উদ্ধৃত করে এসব প্রতিবেদনে তাঁর ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।
তবে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সোমবারের ব্রিফিংয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি।
সংবিধানের ৫৬ ও ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব থাকা ব্যক্তির মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে আগে বিদেশি নাগরিকত্ব থাকলেও তা পরিত্যাগ করলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের বিধান রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির আরও বলেন, “দেশের পক্ষে জোরাল অবস্থান নেওয়া মানুষ, দেশপ্রেমিক যারা আছে—তারা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।”
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।