নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাজ্যে কথিত ‘গ্রুমিং গ্যাং’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ব্রিটিশ এমপি রুপার্ট লো পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ভয়াবহ যৌন নির্যাতনের বিভিন্ন বর্ণনা তুলে ধরলে বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচালিত তদন্তে উঠে এসেছে—একাধিক সংঘবদ্ধ চক্র অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের লক্ষ্য করে ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তদন্তে অভিযুক্তদের বড় একটি অংশ পাকিস্তানি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে।

পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে এমপি রুপার্ট লো ভুক্তভোগীদের জবানবন্দির কিছু অংশ তুলে ধরেন। সেখানে শারীরিক নির্যাতন, ভয়ভীতি, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার মতো অভিযোগ উঠে আসে।

তিনি বলেন, বহু বছর ধরে এসব অপরাধ সংঘটিত হলেও অনেক ক্ষেত্রে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অসংখ্য তরুণী ভয় ও সামাজিক চাপে নীরবে নির্যাতনের শিকার হয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে শিশু ও কিশোরীদের ফাঁদে ফেলে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। বিশেষ করে রদারহ্যাম, রচডেল, অক্সফোর্ড ও টেলফোর্ডের মতো শহরগুলোতে অতীতে এ ধরনের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২০১৪ সালের এক পর্যালোচনায় শুধু রদারহ্যামেই ১৬ বছরে প্রায় ১ হাজার ৪০০ শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার তথ্য উঠে আসে। সাম্প্রতিক আরেক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে যুক্তরাজ্যে এক লাখের বেশি শিশু যৌন নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা শুধু অপরাধ নয়; বরং সামাজিক নিরাপত্তা, আইন প্রয়োগ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার বড় প্রশ্নও সামনে এনেছে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts