
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বকাপ মঞ্চে দুর্দান্ত ছন্দ ধরে রেখে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল ও মাতেউস কুইয়ার এক গোলে সহজ জয় তুলে নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিউস। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারেসের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন মাতেউস কুইয়া। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে স্কটল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি কার্লো আনচেলত্তির দল।
এই জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে ব্রাজিল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে মরক্কো।
ম্যাচের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার ফেরায় ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের নকআউটে ওঠার সম্ভাবনা এখনও টিকে আছে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে।