নিউজ প্রবাসী ডেক্স :

নড়াইল জেলার মোট সড়ক নেটওয়ার্কের প্রায় ৬০ শতাংশ এখনও কাঁচা থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে গ্রামীণ সড়কে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জেলায় মোট ৩ হাজার ২২৫ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ৯৬১ কিলোমিটার কাঁচা এবং ১ হাজার ২৬৪ কিলোমিটার পাকা। অর্থাৎ জেলার মাত্র ৪০ শতাংশ সড়ক পাকা হলেও বাকি ৬০ শতাংশ এখনও উন্নয়নের অপেক্ষায়।
সদর উপজেলার তুলারামপুর চরপাড়া গ্রামের বাসিন্দা মনোজিত বিশ্বাস বলেন, বহু বছর ধরে একই অবস্থায় রয়েছে এলাকার রাস্তা। নির্বাচন এলেই উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না।
একই ধরনের অভিযোগ করেছেন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারাও। তাদের দাবি, কাঁচা সড়কের কারণে বর্ষাকালে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং জরুরি প্রয়োজনে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, নড়াইল জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় সড়ক নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে জেলার কাঁচা ও পাকা সড়কের অনুপাত সমতায় আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts