নিউজ প্রবাসী ডেস্ক

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গজুড়ে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র দেখা গেছে। প্রদর্শিত সরঞ্জামের মধ্যে রয়েছে ডাবল লঞ্চারসহ বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি।

প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা যায়। তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ভিডিওটি প্রকাশ করা হলো। এদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানান, ভিডিও প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে চাইছে আইআরজিসি। বাহিনীটির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো ঘাটতি নেই। নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও তাদের রয়েছে।

আতাসের ভাষ্য অনুযায়ী, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর মাধ্যমে সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিরোধক্ষমতার বিষয়টিও স্মরণ করিয়ে দিতে চাইছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের স্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তান, কাতার ও তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts