নিউজ প্রবাসী ডেস্ক
রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের ২৭৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। বেলগোরোদ, ব্রিয়ানস্ক, ভোরোনেজ, কালুগা, কুরস্ক, লেনিনগ্রাদ, নভগোরদ, ওরিওল, পস্কভ, রোস্তভ ও স্মোলেনস্ক অঞ্চলের আকাশে ড্রোনগুলো ধ্বংস করা হয়।
এ ছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরের জলসীমায়ও ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো।
বিবৃতিতে বলা হয়, ২০ নভেম্বর রাত ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ছিল স্থির-পাখাযুক্ত বা ফিক্সড-উইং ধরনের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই পক্ষই নিয়মিত ড্রোন হামলা এবং পাল্টা আকাশ প্রতিরোধের খবর প্রকাশ করে আসছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া দাবিটির স্বাধীন কোনো যাচাইয়ের তথ্যও পাওয়া যায়নি।