প্রযুক্তি ডেক্স :
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ওপেনএআই। মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম একটি রিচার্জএবল এআই স্পিকার বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তবে পণ্যটি বাজারে আসার আগেই এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন এই স্পিকারটি চ্যাটজিপিটির উন্নত ভয়েস প্রযুক্তিতে পরিচালিত হবে। এটি ব্যবহারকারীর সঙ্গে স্বাভাবিকভাবে কথোপকথন চালাতে, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে, গান ও অডিও চালাতে এবং আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ব্যক্তিকেন্দ্রিক সাড়া দিতে সক্ষম হবে।
ডিভাইসটিতে কোনো ডিসপ্লে থাকবে না। তবে বিশেষ যান্ত্রিক নকশা ও সেন্সরের মাধ্যমে এটি ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিক যোগাযোগের অভিজ্ঞতা দেবে। মাঝপথে কথোপকথনের বিষয় পরিবর্তন হলেও তাৎক্ষণিকভাবে নতুন তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে পারবে স্পিকারটি।
এই প্রকল্প বাস্তবায়নে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভের প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘আইও’ অধিগ্রহণ করেছে ওপেনএআই। ২০২৭ সালের মধ্যে নতুন এআই স্পিকারটি বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অ্যাপল অভিযোগ করেছে যে তাদের সাবেক কয়েকজন কর্মী গোপন প্রযুক্তিগত তথ্য নিয়ে ওপেনএআইতে যোগ দিয়েছেন। এ ঘটনায় বাণিজ্যিক গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করেছে প্রতিষ্ঠানটি। ফলে ওপেনএআইয়ের নতুন হার্ডওয়্যার বাজারজাতকরণ আইনি জটিলতায় পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওপেনএআই ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা আগামী দিনে আরও তীব্র হতে পারে।