নিউজ প্রবাসী ডেক্স :

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়েছে।
সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়।
দুই দেশ ২০২৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ, এলএনজি অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল শিল্পে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে মালয়েশিয়া গঠনমূলক সমর্থনের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।
সফর শেষে পর্যবেক্ষকরা বলছেন, তাৎক্ষণিক বড় কোনো অর্থনৈতিক চুক্তি না হলেও বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts