
নিউজ প্রবাসী ডেক্স :
নাশকতা ও অস্থিতিশীলতার আশঙ্কায় ৩০ জুন পর্যন্ত ছয় এলাকায় সেনা সদস্য মোতায়েন; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হলেও সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কিছু এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কার তথ্য পাওয়া গেছে। সেই প্রেক্ষাপটে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করা নতুন কোনো বিষয় নয়। প্রয়োজন অনুযায়ী অতীতেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো মহল যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
পুলিশ বাহিনীর প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেনা মোতায়েনকে পুলিশের সক্ষমতার ঘাটতির সঙ্গে যুক্ত করার সুযোগ নেই। এটি জননিরাপত্তা নিশ্চিত করার একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।
এদিকে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, আসন্ন দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্পিত সম্পত্তি আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।