নিউজ প্রবাসী ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষায়িত তিনটি লরিতে করে এসব জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইউরেনিয়ামবাহী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানসহ মোট আটটি চালান দেশে পৌঁছাল। পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।