নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। অভিযুক্ত সুমন মিয়া (৩২)কে বৃহস্পতিবার রাতে শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে প্রস্রাবের সময় জ্বালাপোড়া অনুভব করলে শিশুটির মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে শিশুটির মা ঘটনার বিষয়ে জানতে চাইলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের নাম জানায়। শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা শাহ আলী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সুমনকে গ্রেপ্তার করে।
শুক্রবার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গণি তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। পরে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তের পক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন পুলিশ।