নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হলেও হামলাকারীদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের ১ নম্বর সেকশনে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডার একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলার সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি টিকাদানের বিপুল পরিমাণ উপকরণও লুট করা হয়েছে। এ ঘটনায় সংস্থাটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে নিম্নআয়ের ও অসহায় মা-শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।