নিউজ প্রবাসী ডেক্স :
যশোর প্রেসক্লাবের শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব যশোর।
মঙ্গলবার (৪ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুষ্ঠানের ছবি ও তথ্য বিকৃত করে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে, যা নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, প্রায় চার বছর আগে শুরু হওয়া শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্প্রতি প্রেসক্লাবের জীবনসদস্য মীর মোশারফ হোসেন বাবুর অর্থায়নে সম্পন্ন হয়। গত ৩ আগস্ট মিলনায়তনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে অর্থায়নকারী হিসেবে জীবনসদস্য মীর মোশারফ হোসেন বাবুকেও উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
প্রেসক্লাব জানায়, অনুষ্ঠানের আগে প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকন স্পন্সরের উপস্থিতির বিষয়ে অবগত ছিলেন না এবং অনুষ্ঠানে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত কথোপকথনও হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, মীর মোশারফ হোসেন বাবুর বিরুদ্ধে আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা নিষেধাজ্ঞা নেই। এমনকি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা হয়নি। তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কোনো আইনি বাধা ছিল না।
প্রেসক্লাব যশোরের মতে, এটি একটি সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠানের ছবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানো সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।