আন্তর্জাতিক ডেস্ক :
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি ও বিদেশি পর্যটক রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একাংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হয়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাত্রীদের আসন ও ধ্বংসাবশেষ দুর্ঘটনার ভয়াবহতার চিত্র তুলে ধরে।
আহতদের উদ্ধার করে গিজা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনের অংশ সরানোর কাজও চালানো হয়।
মিসরে সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ
মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন নয়। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন কার্যকরে দুর্বলতাকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানিসহ মোট ২২ জন প্রাণ হারান। আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাঁদের মধ্যে শিশুও ছিল।
বারবার প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় মিসরের সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।