নিউজ প্রবাসী ডেস্ক :
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরব ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ইতিহাস উপস্থাপনে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতা যেন তৈরি না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত করা হয়েছে।
প্রতিনিধিরা মুক্তিযোদ্ধাদের নিজস্ব উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের বিষয়ও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশারসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. নুরুল বাসার ও সদস্য-সচিব মিজানুর রহমান খান (বীর প্রতীক)সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।