নিউজ প্রবাসী ডেক্স :
যশোর শহরে পৃথক অভিযানে যুবলীগ নেতা শহিদুজ্জামান ও আশিকুজ্জামান নামে দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, শহিদুজ্জামান যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বালিয়া-ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যার পর কাঠালতলা এলাকায় যুবলীগের একটি মিছিলের ঘটনায় করা মামলায় শহিদুজ্জামানকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আগে আরও চারটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
অন্যদিকে আশিকুজ্জামান ষষ্ঠীতলা এলাকার নুরুজ্জামানের ছেলে। কোতোয়ালি থানার এসআই রেজাউল করিমের ভাষ্য, আশিকুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আশিকুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।