নিউজ প্রবাসী ডেক্স :
ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দেশজুড়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ইউপি নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভোটার স্থানান্তর বন্ধ রাখা হয়েছিল। আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের জন্য হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। ইসির আগের পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে ইউপি ভোট শুরু এবং সেপ্টেম্বরে তফসিল দেওয়ার কথা ছিল।
তবে নির্বাচন আয়োজনের সময় নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন শুরুর কথা জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সেক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহের যেকোনো দিন ভোট শুরু হতে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও বুধবার জানিয়েছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেনি। রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ইসি সময় নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও এতে প্রভাব ফেলছে।
ভোটার স্থানান্তর পুনরায় চালুর বিষয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তা ইস্যু ও নিষ্পত্তির প্রক্রিয়াও চালু থাকবে।
তবে ভোটার স্থানান্তর ফের চালুর সঙ্গে নির্বাচন পেছানোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts