নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঘটনার যথাযথ উপস্থাপন না থাকায় উপস্থিত কয়েকজন অংশগ্রহণকারী আপত্তি জানান। একপর্যায়ে স্লোগান, হট্টগোল ও অনুষ্ঠানস্থল ত্যাগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন এবং পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে, যা অবশ্যই সংশোধনযোগ্য। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের প্রতীক আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকা একটি ত্রুটি। তবে সংশ্লিষ্ট মন্ত্রী প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও সংশোধনের আশ্বাস দেওয়ার পরও হট্টগোল চালিয়ে যাওয়া এবং ওয়াকআউট করা সমীচীন হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতীয় অনুষ্ঠানে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে বিদেশি অতিথিদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা বাংলাদেশের জন্য সুখকর নয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের মর্যাদা ও প্রয়োজন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বক্তব্যের শেষদিকে তিনি গণতন্ত্র, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচিত সরকারের প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখার আহ্বানও জানান তিনি।