নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রকোপ এখনো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ৩৩০ জন। এরপর রয়েছে সিলেটে ১১৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জন।
গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৯৫৯ জন। তাদের মধ্যে ৮৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১১ হাজার ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৫ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।