বিনোদন প্রতিবেদক।।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় এসেছে সাবেক রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের বিভিন্ন বক্তব্য। সাম্প্রতিক সময়ে দেওয়া কয়েকটি সাক্ষাৎকারে রিজভী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে তাঁর মা নীলা চৌধুরী ও অভিনেত্রী শাবনূরকে নিয়ে নানা অভিযোগ করেন। এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছেন শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় শাবনূর রিজভীর বক্তব্যকে ‘গালগল্প ও অসত্য বয়ান’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, রিজভী বিভিন্ন সময়ে সালমান শাহর মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এবার তাঁকে নিয়েও এমন কিছু দাবি করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
শাবনূর বলেন, রিজভী দাবি করেছেন ২০১৬ সালে যুক্তরাজ্যে তাঁর সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। অভিনেত্রীর ভাষ্য, ওই সময়ে তিনি যুক্তরাজ্যে যাননি এবং রিজভী নামের ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো পরিচয় বা দেখা-সাক্ষাৎও হয়নি।
রিজভীর ওই দাবির প্রসঙ্গে শাবনূর ব্যঙ্গ করে বলেন, বাস্তবে নয়, সম্ভবত ‘স্বপ্নের বাসরেই’ এমন বিয়ে হয়েছিল।
সালমান শাহর মৃত্যুর সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন শাবনূর। তাঁর ভাষ্য, সালমান শাহ ছিলেন তাঁর প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ।
শাবনূরের দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নানা সময়ে নানা বক্তব্য সামনে এসেছে। প্রকৃত ঘটনা আড়াল করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে কোনো পক্ষের প্রভাব ছাড়াই নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনায় সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।
তবে রিজভী আহমেদের বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শাবনূরের বক্তব্যও তাঁর নিজস্ব দাবি হিসেবে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts