নিউজ প্রবাসী ডেক্স :
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি প্রায় ৪০ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়ে যায়। বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের ফ্লাইটটি বৃহস্পতিবার কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। প্রকৌশলীরা সেখানে পৌঁছানোর পর কারিগরি ত্রুটি সমাধান করা হলে শনিবার রাতে ফ্লাইটটিকে ফের চলাচলের অনুমতি দেওয়া হয়।
ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় তাদের অনেকেই চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ১৭০ জনকে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জেই থাকতে হয়েছে।
কারিগরি ত্রুটি সমাধানের পর অবশেষে যাত্রীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে বিমানটি।