নিউজ প্রবাসী ডেক্স :
লন্ডনের লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের ঘটনা। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার সম্প্রচারকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক।
সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল অ্যাথার্টনের নেওয়া ওই সাক্ষাৎকারে দুই ভাই পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের বাবার সঙ্গে অমানবিক আচরণের গুরুতর অভিযোগ করেন। তাদের দাবি, কারাগারে ইমরান খানের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটছে এবং তাকে দীর্ঘ সময় একাকী ও বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে।
কাসিম খান অভিযোগ করেন, তার বাবাকে দিনের ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা রাখা হচ্ছে। সম্প্রতি স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান খানের কারাগারের পরিবেশ নিয়ে উদ্বেগজনক কথা শুনেছেন বলেও দাবি করেন তিনি। বাবার জীবন নিয়েও আশঙ্কা প্রকাশ করেন দুই ভাই।
অন্যদিকে সুলাইমান খান দাবি করেন, উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালে ইমরান খানকে নেওয়া হয়নি। সরকারি একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গেও প্রয়োজনীয়ভাবে দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানকে।
সাক্ষাৎকারটি সম্প্রচারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র আপত্তি জানায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এমনকি পাকিস্তান দল ম্যাচ চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি তোলে এবং বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় পাকিস্তান দল আবার মাঠে ফিরে আসে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা ও কারাগারে চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটের কয়েকজন সাবেক অধিনায়কও সম্প্রতি মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন।

সৌদির আগুনে নিভে যাওয়া সাত প্রবাসীর শেষ বিদায়ে আত্রাইজুড়ে শোক নওগাঁ প্রতিনিধি সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাতটি খাটিয়া পাশাপাশি রেখে স্বজনদের শেষ বিদায় জানানোর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত শত শত মানুষ। শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিহতদের মধ্যে গণ্ডগোহালী গ্রামের দুই সহোদর মোহন আলী ও সুমন আলীর মৃত্যুতে সবচেয়ে বেশি শোক নেমে এসেছে তাদের পরিবারে। দুই ছেলেকে হারিয়ে বাবা গুফফার প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধারদেনা করে সন্তানদের বিদেশে পাঠিয়েছিলেন। এখন সন্তানহারা হওয়ার পাশাপাশি সেই দেনা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও তিনি দিশেহারা। জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। গণ্ডগোহালী গ্রামের চার প্রবাসীর মরদেহ বিকালে পুনরায় জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি খোঁড়া কবরে দাফন করা হয়। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগলে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় এখন পর্যন্ত নয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। নিহত সাতজন হলেন—গণ্ডগোহালী গ্রামের মোহন আলী, তার ভাই সুমন আলী, রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিন ইসলাম, উদনপৈ গ্রামের মো. ফরিদ, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। পরিচয় নিশ্চিত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের মরদেহ দেশে ফেরানোর সময় নির্ধারণ করা যায়নি। নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পরিচয় নিশ্চিত না হওয়া বাকি মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। প্রক্রিয়া শেষ হলে সেগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবার পুনর্বাসনেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts