নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিম নামে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল সে।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।
অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। তার সঙ্গে একটি আইফোন ছিল বলে জানা গেছে। এরপর আর বাসায় ফেরেনি সে।
সন্ধ্যার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অপ্রতিমের সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন শনিবার দুপুরে সালমানপুর এলাকায় পাহাড়ের পাদদেশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি অপ্রতিমের বলে শনাক্ত করা হয়।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।