নিউজ প্রবাসী ডেক্স :
সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের বাবা শরাফত আলী গুরুতর অসুস্থ হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ভোরে উপজেলার উত্তরবড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন শিশু হলো—১০ বছর বয়সি মাওয়া আক্তার, ৭ বছর বয়সি শামীম মিয়া ও দেড় বছর বয়সি তামিম মিয়া। তারা শরাফত আলীর সন্তান।
স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া জানান, শরাফত আলী দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী চার দিন আগে শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যে যান। এরপর তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন শরাফত। বাড়িতে অন্য কেউ না থাকায় সন্তানদের নিয়েই তার দিন কাটছিল।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতের শেষ দিকে বাড়ি থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্বজনরা সেখানে যান। পরে অসুস্থ অবস্থায় চারজনকে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, বিষপানে অসুস্থ অবস্থায় শরাফত আলীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বা স্ত্রীর অনুপস্থিতির কারণে অভিমান থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, শিশুদের মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।