
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। বৃহস্পতিবার গভীর রাতে বাকলিয়া থানায় শিশুটির বাবা মামলাটি করেন বলে জানিয়েছেন নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হোসাইন মো. কবির ভূইয়া।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ডেকোরেটর দোকানের কর্মচারী মনির কৌশলে শিশুটিকে গুদামে নিয়ে যায়। পরে শিশুটির কান্না শুনে তার নানি গিয়ে উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে আটক রেখে ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি জানায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাননি। তবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দিন।
এদিকে পুলিশের দাবি, ঘটনাকে ভিন্ন খাতে নিতে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও একটি মামলা প্রস্তুত করা হচ্ছে