নিউজ প্রবাসী ডেক্স :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বলেছে, বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের আগের অবস্থানই বহাল রয়েছে এবং আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে দলের নির্বাসিত কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন বলে উল্লেখ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে ভারত আগেও জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধ আইনি ও বিচারিক কাঠামোর মধ্যেই পর্যালোচনা করা হবে। মঙ্গলবারের বক্তব্যেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিচালিত উন্নয়ন সহযোগিতা কর্মসূচি আগের মতোই অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts