নিউজ প্রবাসী ডেস্ক
ডিজিটাল সাংবাদিকতায় পথপ্রদর্শক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বন্ধু, স্বজন, সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। শনিবার রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাঁর শেষ বিদায়ের আয়োজনে অংশ নেন তাঁরা। পরে বাদ আসর জানাজা শেষে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বনানীর খেলার মাঠে তাঁর শেষযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে শ্রদ্ধা জানান সাংবাদিক, সম্পাদক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধা জানানো ব্যক্তিদের মধ্যে ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিএফইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, কলাম লেখক চিররঞ্জন সরকার, বিবিসির সাংবাদিক কাদির কল্লোল, অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, অধ্যাপক সাদেকা হালিম এবং মানবাধিকারকর্মী দীপায়ন খীসাসহ আরও অনেকে। তাঁর সাবেক সহকর্মীরাও শেষ বিদায়ের আয়োজনে উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তাঁর ভাতিজা তারাফ তাজিজ খালিদী ও ভাগনি-জামাই আকিফ আহমেদ কফিন গ্রহণ করেন। এ সময় তাঁর সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। সেখানে দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত রাখা হয় কফিন। এরপর তাঁর বাসায় নেওয়া হলে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাঁকে দেখেন।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাঁকে সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এরপর ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তৌফিক ইমরোজ খালিদী। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের অনলাইন সাংবাদিকতার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
২০০৫ সালের প্রথম দিকে বিডিনিউজ ইন্টারনেটের মাধ্যমে সংবাদ সরবরাহ শুরু করে। সে সময় দেশের অন্যান্য সংবাদ সংস্থা টেলিপ্রিন্টারের মাধ্যমে সংবাদ পাঠাত। ২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ওই বছরের ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার সংবাদমাধ্যম হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যক্রম শুরু হয়।
১৯৮৯ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে তিনি সানডে এক্সপ্রেসে যোগ দেন। পরে ডেইলি স্টার ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন তিনি।
তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের উল্লেখযোগ্য অবদান এবং বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় ভূমিকার কারণে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।