নিউজ প্রবাসী ডেস্ক:
যশোরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির উদ্যোগে কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইঞ্জিনিয়ার আবু হাসানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রভাষক কমরেড মহিবুল্লাহ মুহিব।
স্মরণসভায় বক্তব্য দেন ছাত্রনেতা রাশেদ খান, বাসদ যশোরের আহ্বায়ক কমরেড শাহাজাহান আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড তসলিম-উর-রহমান, জাসদ যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ এবং সিপিবি যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মফিজুর রহমান নান্নু। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
প্রয়াত কমরেডের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর সহধর্মিণী অধ্যাপক সুরাইয়া শরিফ এবং উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু। স্মরণিকা পাঠ করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কনা। অনুষ্ঠানে মৌমাছি স্কুলের পরিচালক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদীচী যশোর সংসদের পরিবেশনায় ‘আগুনের পরশমণি’ গান দিয়ে স্মরণসভার সূচনা হয়। পরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা কমরেড ইলাহদাদ খানের রাজনৈতিক আদর্শ, জীবনসংগ্রাম এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতি ও আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।