নিউজ প্রবাসী ডেক্স :
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় ও তালা উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলা ডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলচালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি ডুমুরিয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কভার্ড ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে মেহেদী নিহত হন।
পুলিশ জানায়, দুই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা দুটির ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts