নিউজ প্রবাসী ডেক্স :
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আহম্মেদের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আর্থিক অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়, পাঠদানে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে রোববার এ কর্মসূচি পালন করে তারা।
সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সকাল ১০টার দিকে তারা প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা পর অভিভাবকদের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে আবারও প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ চালিয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, টিফিনের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হলেও নিম্নমানের খাবার দেওয়া হয়। বিভিন্ন খাত দেখিয়ে বাড়তি ফি ও অর্থ আদায় এবং প্রকৃত ব্যয়ের তুলনায় হিসাব কম দেখানোরও অভিযোগ করেন তারা। পাশাপাশি প্রধান শিক্ষকের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
তাদের আরও অভিযোগ, বিদ্যালয়ে পাঠদানে অনিয়মের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব-নিকাশে অনিয়ম করা হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবকও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও প্রধান শিক্ষক অপমানজনক আচরণ করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক জেসমিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে এখন কোনো কথা বলতে চান না।
পরিস্থিতি পরিদর্শন এবং অভিযোগের বিষয়ে খোঁজ নিতে বিদ্যালয়ে যান জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল হায়াত জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে তদন্তের আশ্বাসে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধান শিক্ষককে অপসারণ ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।