নিউজ প্রবাসী ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শিরোপার স্বপ্ন নিয়ে আসরে অংশ নিলেও শেষ চারে এসে থেমে গেল জুনিয়র টাইগারদের যাত্রা।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দুই ওপেনার হাইম খান ও উসমান খান দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। দুজনই তুলে নেন অর্ধশতক। ৬৯ রান করা হাইম খানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বোলার রবিউল অনিক। তবে এটিই ছিল ম্যাচে বাংলাদেশের একমাত্র সাফল্য।
এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটারকে সাজঘরে ফেরাতে পারেননি টাইগার বোলাররা। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতার মধ্যে একমাত্র উজ্জ্বল ছিলেন আল মুহি, যিনি অর্ধশতক তুলে নেন।
অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও উল্লেখযোগ্য রান করতে পারেননি।
শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এই সহজ লক্ষ্য তাড়া করে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।