জাতীয় সংসদের সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে প্রাথমিক পরিচিতিমূলক আলোচনা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে গঠিত ১২ সদস্যের এ কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। তবে জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো সদস্যের নাম প্রস্তাব করেনি।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান জানিয়েছেন, তারা সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিচ্ছেন না। তবে সংসদের ভেতরে ও বাইরে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
অন্যদিকে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল যেকোনো সময় সদস্যদের নাম প্রস্তাব করলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
সংবিধান সংশোধন নাকি সংস্কার—এ প্রশ্নে সরকার ও বিরোধী দলের অবস্থানে এখনো মতপার্থক্য রয়েছে। এ অবস্থায় ৪ আগস্টের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।