নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, আগুনে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, একই রাতে রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পাশাপাশি প্রায় ১৫ থেকে ২০টি বাস রাখা ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্য বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে তাঁরাও বাসটিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন।