নিউজ প্রবাসী ডেক্স:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার পাটগাতী স্ট্যান্ড এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মঘটের সমর্থনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল থেকে পাটগাতী স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় পাটগাতী এলাকায় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts